ফাকরাবাদ-গারোকোনা রাস্তা চলাচলের অযোগ্য

আপডেট : ৩০ মে ২০১৭, ০২:১৩

ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ-গারোকোনা রাস্তাটি পাকাকরণের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ফাকরাবাদ মোড় থেকে গারোকোনা পর্যন্ত প্রায় তিন কি.মি কাঁচা রাস্তা। এ রাস্তায় প্রতিদিন কোমলমতি শিশু-কিশোর, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ শত শত গ্রামবাসী ও যানবাহন যাতায়াত করে।

রাস্তার চারপাশে হলদিগ্রাম, ফাকরাবাদ, সন্ধ্যাকুড়া, গোমড়া, গারোকোনা, সমশ্চুড়া, মানিককুড়াসহ বিভিন্ন গ্রামের সারা বছর উত্পাদিত শাক-সবজিসহ কৃষিপণ্য প্রতিনিয়ত বাজারজাত করতে হয়। কিন্তু রাস্তাটির বেহাল অবস্থার কারণে কৃষকদের নানা রকম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

নলকুড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, এ রাস্তাটি পাকাকরণের বিষয়ে দীর্ঘদিন ধরে আবেদন-নিবেদন করা হয়েছে। বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। বর্তমানে মহারশি নদী থেকে উত্তোলনকৃত বালু ভর্তি ট্রাক যাতায়াতের কারণে রাস্তাটি বেহাল হয়েছে। এ রাস্তায় যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকাকরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইত্তেফাক/নূহু