উপকূলে আঘাত হেনেছে মোরা

আপডেট : ৩০ মে ২০১৭, ০৮:০৮

মঙ্গলবার ভোরে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। ঝড়ে সেন্টমার্টিনে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
 

আজ সকালে পৌনে ৬টার দিকে টেকনাফ উপকূল দিয়ে অতিক্রম করতে শুরু ঘূর্ণিঝড়টি। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকা দিয়ে ঘূর্ণিঝড় ‘মোরা’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে এ আঘাত হানে। উপকূলে আঘাত হানার সময় মোরা’র গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।
 

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সঙ্গে ভোর সাড়ে ৫টার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোর চারটার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করে। ঝড়ে সেন্টমার্টিনের দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

 

কক্সবাজার সমুদ্র উপকূল এখন উত্তাল। এছাড়াও সেন্টমার্টিন ও কুয়াকাটায় ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন হালকা ‍বৃষ্টি ও শীতল হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের গর্জন দানবীয় আকারে রূপ নিচ্ছে।
 

আবহাওয়া অফিস সূত্র অনুযায়ী, ২শ কিলোমিটার জায়গা নিয়ে এগিয়ে আসা ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রাম ও কক্সবাজার অতিক্রম করবে আরও ২ ঘন্টা পর।

ইত্তেফাক/নূহু