কক্সবাজার অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ঘূর্ণিঝড়টি কক্সবাজার অতিক্রম করে। এর আগে ভোরে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’।
এদিন ভোর ৫টা থেকে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে। পরে সকাল ৬টার দিকে বাতাসের তীব্রতায় কিছু গাছপালা ভেঙে পড়ে। সকাল ৬টার দিকে টেকনাফে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। একই সময়ে কক্সবাজার সদরে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সঙ্গে ভোর সাড়ে ৫টার দিকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোর চারটার দিকে ঘূর্ণিঝড় ‘মোরা’ টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করে। ঝড়ে সেন্টমার্টিনের দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
ইত্তেফাক/কেকে
