পবিপ্রবি'র দুই শিক্ষক বরখাস্ত

আপডেট : ৩০ মে ২০১৭, ১০:২৪
তথ্য গোপন করে চাকরি গ্রহণ করায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুলতান মাহমুদ ও মেরিন ফিশারিজ এন্ড ওসানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. জাহিদ পারভেজ সুখনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাদের কেন স্থায়ী ভাবে বরখাস্ত করা হবেনা মর্মে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
 
পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
 
তথ্যসূত্রে জানা যায়, পবিপ্রবির মাৎস্য বিজ্ঞান অনুষদের একুয়াকালচার বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুলতান মাহমুদ ২০০৪ সালে ময়মনসিংহ সদরে মৎস্য কর্মকর্তা হিসাবে কর্মরত থাকা অবস্থায় বরখাস্ত হন। পরে তিনি সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়ার তথ্য গোপন করে পবিপ্রবির শিক্ষক হিসেবে যোগদান করেন। অপরদিকে ওসানোগ্রাফি বিভাগের শিক্ষক ড. জাহিদ পারভেজ সুখনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তিনিও জামালপুরে মৎস্য কর্মকর্তা হিসাবে কর্মরত অবস্থায় ২০১২ সালে বরখাস্ত হওয়ার পর তথ্য গোপন করে পবিপ্রবিতে শিক্ষকতা পেশায় যোগ দেন। 
 
উল্লখ্য, অভিযুক্ত দুই শিক্ষককে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী ও শৃঙ্খলা বিধানের ২(চ) ও ৩(২) ধারা অনুযায়ী নৈতিক স্খলন, দুর্নীতি ও প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
 
পবিপ্রবির সংস্থাপন (শিক্ষক ও কর্মচারী) শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই