চবির পাঁচ হলে তল্লাশি অস্ত্র ও গুলি জব্দ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৫২

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাঁচ আবাসিক হলে তল্লাশি চালিয়ে দুটি পাইপগান ও ১২৮ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় পুলিশ এ তল্লাশি চালায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফেসবুকে বাজে মন্তব্য করাকে কেন্দ্র করে রবিবার চবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এর জের ধরে সোমবার সারাদিন দুই গ্রুপ দেশীয় অস্ত্রের মহড়া দেয় ক্যাম্পাসে। এ ঘটনায় ওই তল্লাশি চালানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক এএফ রহমান, আলাওল, সোহওয়ার্দী, শাহ আমানত এবং আব্দুর রব হলে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি পাইপগান ও ১২৮ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।