কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অনেক জল্পনা-কল্পনা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা যোগ্য নেতৃত্বকে পেয়ে আনন্দে উল্লাস করছে। কমিটিতে লোক প্রশাসন বিভাগের ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি এবং গণিত বিভাগের রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির তালিকা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৬মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এই কমিটির অনুমোদন দেন।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আমি আশা করি নব গঠিত এই কমিটি বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শে বলীয়ান হয়ে দায়িত্ব পালন করবে।’
নব গঠিত কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘নতুন এই কমিটিতে শাখা ছাত্রলীগের কর্মীদের আস্থার প্রতিফলন হয়েছে। প্রগতিশীল রাজনীতির চর্চা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে এবং জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে কাজ করে যাবো।’
উল্লেখ্য, গত ১৩ মে শাখা ছাত্রলীগের সম্মেলনে এর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নব গঠিত কমিটি শাখা ছাত্রলীগের ৩য় কমিটি। আগের কমিটি কর্মীদের আশা ও প্রত্যাশার বাস্তবায়ন করতে পারেনি বলে বর্তমান নেতৃত্বের প্রতি অনেক প্রত্যাশাই রয়েছে বলে জানান শাখা ছাত্রলীগের কর্মীরা। এদিকে আগের কমিটির সাধারণ সম্পাদক রেজা ই এলাহীকে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
