চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক প্রার্থী মো. এমদাদুল হকে অপহরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী ও মিজানুর রহমান। স্বল্প সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরো পড়ুন: প্রধান শিক্ষককে জুতা দিয়ে পেটালেন শ্রমিক লীগ নেতা
উল্লেখ্য, গত ২৭ মার্চ প্রাণীবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী মো. এমদাদুল হক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে যায়। পরে পরীক্ষার সময় শেষ হয়ে এলে শিবির কর্মী বলে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এমদাদুল হক স্নাতক বিভাগের সর্বোচ্চ ৩.৮৮ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং স্নাতকোত্তরে ৩.৯৬ সিজিপিএ পেয়ে প্রথম স্থান লাভ করেন। ২০১৮ সালে আন্তর্জাতিক জার্নালে তার তিনটি গবেষণাপত্র প্রকাশিত হয়। শিক্ষা জীবনের সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ এবং বাংলাদেশ জুলজিক্যাল সোসাইটি পদক ২০১৫ লাভ করেন।
ইত্তেফাক/অনি
