ছাত্র-ছাত্রীদেরকে তামাকজাত পণ্যে নিরুৎসাহিত করার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানের তিন কিলোমিটারের মধ্যে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রয় বন্ধ করার পরামর্শ দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।
তিনি বলেন, 'স্কুল এবং কলেজের নিকটবর্তী জায়গাগুলোতে বিড়ি-সিগারেটের পর্যাপ্ততার কারণে ছাত্র-ছাত্রীরা সহজেই এর প্রতি আসক্ত হয়ে পড়ে।' এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, 'বিড়ি-সিগারেটের প্রতি আসক্তি বন্ধ করলে যেকোনো ধরণের খারাপ অভ্যাস থেকে দূরে থাকা সম্ভব।'
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৭ উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্ এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় আজ ৩০ মে ২০১৭ মঙ্গলবার ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস-এর গ্রান্টস ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মোখলেছুর রহমান।
ইত্তেফাক/জামান
