নগরকান্দায় অর্ধ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

আপডেট : ৩০ মে ২০১৭, ২০:২৩
 
ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মী শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
 
নগরকান্দার লস্করদিয়ায় শামা ওবায়েদ এর নিজ বাড়িতে ডাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আ. মান্নান মোল্লার নেতৃত্বে ডাঙ্গী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
 
এ উপলক্ষে উপজেলা বিএনপি যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল, মাহমুদুল হাসান মিরান, শ্রমিক দল নেতা মাসুদ রানা, যোগদানকারীদের মধ্যে আ. মান্নান মোল্লা, আ. রহমান প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, 'আওয়ামী লীগের অত্যাচারে সকল শ্রেণিপেশার মানুষ আজ জর্জরিত। সবাই তাকিয়ে আছে কখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।'
 
ইত্তেফাক/জামান