প্রেমে বাধা দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ৩১ মে ২০১৭, ১০:২৫
 
রাজশাহীর বাঘায় প্রেমে বাধা দেয়ায় পুথিরানী নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার সরের হাট গ্রামে এ ঘটনা ঘটে। পুথির বাবার নাম শ্রী সজিত সরকার বলে জানা গেছে। 
 
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সরেরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পুথিরানী পদ্মার চরাঞ্চল এলাকার যুবক আব্দুর রাজ্জাকের সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনাটি জেনে যায় তার পরিবার। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজন তার মোবাইলটি কেড়ে নিলে সে অভিমানে বিষপান করে। পরে পরিবারের লোকজন পুথিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে  ৮টায় তার মৃত্যু হয়। 
 
বাঘা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম বলেন, স্বাস্থ্য কেন্দ্রে আনার পর আমরা কিছুটা বিষ বের করেছি। পাকস্থলিতে বিষ চলে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ আলী মাহামুদ জানান, খবর পেয়ে লাশ রাতেই থানায় আনা হয়। এরপর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে