নলডাঙ্গায় স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:১৯
 
নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগ উত্তর পাড়া এলাকা থেকে তোফাজ্জল হোসেন ওরফে তজিবর রহমান (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। এই ঘটনায় পালানোর সময় নিহতের স্ত্রী ফরিদা বেগম (৪৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। 
 
আজ বুধবার সকাল ৯টার সময় তার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আর গত রাত একটার সময় তার মৃত্যু হয়। তজিবর রহমান সেনভাগ উত্তরপাড়া গ্রামের মৃত কমের উদ্দিনের ছেলে। 
 
স্থানীয়রা জানান, তজিবরের স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। গত রাত একটার দিকে তজিবুরের স্ত্রী তার স্বামী অসুস্থ্ বলে গ্রাম্য চিকিৎসক বাড়িতে ডেকে নিয়ে আসেন। চিকিৎসক এসে তজিবর মারা গেছে এমনটা নিশ্চিত করেন। এ ঘটনার পর তজিবরের স্ত্রী ফরিদা বেগম বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় নিহতের স্বজন ও প্রতিবশীরা টের পেয়ে ফরিদা বেগমকে আটক করে মারপিট করে বাড়িতে বেধেঁ রাখেন। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে তজিবরের মরদেহ উদ্ধার করে। 
 
পরে তা ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আর নিহতের স্ত্রী ফরিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। 
 
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান, এটা হত্যা, না অপমৃত্যু এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
 
ইত্তেফাক/কেকে