কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার তীর রক্ষা প্রকল্পের ব্লক তৈরিতে মাটি ও পুরাতন ব্লকের উচ্ছিষ্ট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ফলে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার তীর রক্ষার জন্য এ কাজের স্থায়ীত্ব নিয়ে এলাকাবাসীর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
ফিলিপনগর গ্রামের ব্যবসায়ী শরিফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, শুধুমাত্র পাথর, বালি ও সিমেন্ট ব্যবহারের নির্দেশনা থাকলেও বুধবার সকালে মাটি ও পুরাতন ব্লকের উচ্ছিষ্ট অংশ ব্যবহার করতে দেখা গেছে। এ কাজের শ্রমিক মিন্টু জানায়, ঠিকাদার আমাদের দিয়ে এ অন্যায় কাজ করিয়ে নিচ্ছে। শুধুমাত্র পেটের দায়ে কাজ করছি তাই প্রতিবাদ করতে পারছিনা।
জানা যায়, দৌলতপুর উপজেলার ফিলিপনগর, আবেদের ঘাট ও ইসলামপুর এলাকায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের জন্য সরকার ১২৩ কোটি টাকা বরাদ্ধ দেয়। ১৭টা ভাগে বিভিন্ন ঠিকাদার এ কাজ শুরু করে। ১ নং অংশের কাজ পায় হাজী নুরুল ইসলাম। তিনি তার অংশে ব্লক তৈরির কাজে শুরু থেকেই অনিয়ম করে আসছেন বলে এলাকাবাসীরা জানিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, সেখানে আমাদের লোকজন আছে। যদি এ রকম অনিয়ম হয় তবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এমআই
