ভেড়ামারায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ৩১ মে ২০১৭, ১৮:১৫
 
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকায় মেরিনা সুলতানার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভেড়ামারা থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 
মেরিনা সুলতানার স্বামী হায়দার আলী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। মেরিনা সুলতানা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দুই ছেলের মা মেরিনা সুলতানাকে তার দেবর তৌহিদের স্ত্রী বাঁশের লাঠি দিয়ে পেটালে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ওঠেছে।
 
অবস্থার অবনতি ঘটলে সোমবার রাতে মেরিনাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেরিনা সুলতানার ছেলে সিয়াম ও স্বজনরা দাবি করেছেন, মেরিনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
 
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, যদিও মেরিনা সুলতানার শরীরে আঘাতের তেমন উল্লেখযোগ্য চিহ্ন লক্ষ্য করা যায়নি, তারপরও তার ছেলে ও ভাইদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান