ঘূর্ণিঝড় মোরার আঘোতে রাঙ্গামাটি জেলায় প্রায় ৩ শতাধিক বাড়িঘর সম্পূর্ণ এবং প্রায় ৩ হাজারের অধিক বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি পৌরসভায় ১০৫ পরিবার সম্পূর্ণ এবং ১ হাজার ৫শ পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার রাঙ্গামাটি শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকায় গাছপালা এবং বাড়িঘর উপড়ে পড়ে আছে। বাড়িঘরের চাল উড়ে যাওয়ায় তারা নতুন করে সংস্কার কাজে নেমেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, আমাদের এলাকায় এখনো পর্যন্ত কোন প্রকার ত্রাণ সামগ্রী আসেনি। প্রশাসনের পক্ষ থেকে কোন খোঁজ খবর ও নিয়ে যায়নি। নিজেরা যতটুকু পারছি সেই মতে কাজ করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পানি, বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছি।
এদিকে বিদ্যুৎ বিভাগের তৎপরতায় রাঙ্গামাটিতে স্বাভাবিক হয়ে আসছে বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী কর্মকর্তা সবুজ কান্তি মজুদার জানান, রাঙ্গামাটি শহরে প্রায় শতাধিক বিদ্যুৎ কর্মী কাজ করছে। আমাদের লোকবল কম থাকায় চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে কর্মীদের নিয়ে এসে কাজ করানো হচ্ছে। আশা করছি আগামী দুই এক দিনের মধ্যে রাঙ্গামাটি শহরে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে।
রাঙ্গামাটি জেলা ত্রাণ কর্মকর্তা জানান, রাঙ্গামাটি জেলায় ঘূর্ণিঝড়র মোরার তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। ত্রাণ কার্যক্রম চালাতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তারা তালিকা পাঠালে আমরা চাহিদাপত্র পাঠিয়ে দেবো।
ইত্তেফাক/ইউবি
