সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে বুধবার আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
আব্দুল আজিজের বিরুদ্ধে ফেসবুকে ও ফেসবুকের বাইরে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, অমুসলিমদের নিয়ে কটুক্তিমুলক বক্তব্য ও সরকার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ.ক.ম আক্তারুজ্জমান বসুনিয়া গতরাতে ইত্তেফাককে জানান, আব্দুল আজিজ (৩৫) নামের যুবক ১০-১২ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। সে তার ফেইসবুকে দীর্ঘদিন থেকে মূর্তি ও হিন্দু ধর্ম নিয়ে কটাক্ষমূলক কথা বার্তা লিখে হিন্দুসম্প্রদায়ের অনূভূতিতে আঘাত করে আসছে। বুধবার এই বিষয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন তার এহেন কার্যকলাপের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিডি করেন।
একই দিন আজিজও গোলাপগঞ্জ থানায় জিডি করতে যায়। সে তার জিডিতে-এই মর্মে বলে যে, তার নিজের ফেসবুক একাউন্টটি হ্যাক হয়েছে ও অন্য কেউ এসব বিদ্বেষ ছড়াচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সত্য উদ্ধারের জন্য তার জিডির প্রেক্ষিতে অনুসন্ধান চলছে।
ফেসবুকে দেখা যায়, আব্দুল আজিজ হুমকি দিয়ে লিখেছেন- 'অপেক্ষা করো হিন্দু দাদারা, এই বাংলার বুকে তোমাদের মা হাসিনার পতনের পর আমরা হিন্দু নামক ও আওয়ামী লীগ সেক্যুলারদের জবাই করবো, ইনশাল্লাহ। এদিকে এমন অভিযোগে নগরীর কোতয়ালি মডেল থানায়ও তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি হয়েছে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি আহমদ বলেন, বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি।
ইত্তেফাক/নূহু
