কংগ্রেসের ইশতেহার ভণ্ডামি আর মিথ্যায় ভরা :মোদি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:০১

 

ইশতেহার প্রকাশের পাশাপাশি গত পরশু বিজেপির বিরুদ্ধে দেশকে পিছিয়ে দেওয়ার অভিযোগ এনেছিল কংগ্রেস। একদিন পরেই কংগ্রেসের এই ইশতেহারকে ভণ্ডামি আর মিথ্যায় ভরা বলে তোপ দাগলেন নরেন্দ্র মোদি। ক্ষমতার লোভে কংগ্রেস দেশদ্রোহীদের সঙ্গে হাত মেলাচ্ছে বলেও অরুণাচলের নির্বাচনী জনসভায় দাবি করেন তিনি।

দেশের ২০ শতাংশ গরিব মানুষদের অ্যাকাউন্টে বছরে ৭২,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। পাশাপাশি, জিএসটিকে ‘গব্বর সিংহ ট্যাক্স’ বলে কটাক্ষ করার পাশাপাশি কর ব্যবস্থা ঢেলে সাজানোর কথাও বলেন তিনি। বলেছিলেন, মোদি জমানায় চালু হওয়া নীতির বদলে ফিরিয়ে আনা হবে যোজনা কমিশন। খবর আনন্দবাজার পত্রিকার

কংগ্রেসের এই ইশতেহারের জবাব দেওয়ার জন্য পূর্ব ভারতের অরুণাচলকেই বেছে নিলেন নরেন্দ্র মোদি। আগামী ১১ এপ্রিল প্রথম দফাতেই লোকসভা ভোট অরুণাচল প্রদেশে। একই সঙ্গে এবার বিধানসভা নির্বাচনও এখানে। পাসিঘাটের সভায় মোদির আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল কংগ্রেসই। কংগ্রেসের ইস্তাহারকে মিথ্যা এবং ভণ্ডামিতে ভরা বলে অভিযোগ করেন মোদি। তাঁর কথায়, ‘এক দিকে এই চৌকিদার দেশকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে। অন্য দিকে ক্ষমতার লোভে কংগ্রেস কোথায় নেমে গিয়েছে! কংগ্রেসের হাত দেশবাসী নাকি দেশদ্রোহীদের সঙ্গে?’

একই সঙ্গে উত্তরপূর্ব ভারতে দীর্ঘদিনের অনুন্নয়নের জন্য আগের কংগ্রেসি সরকারগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছেন নরেন্দ্র মোদি। তাত্পর্যপূর্ণভাবে এই সভায় তার তোপ গান্ধী পরিবারের দিকে থাকলেও একবারের জন্যও সরাসরি তাদের নাম নেননি নরেন্দ্র মোদি। শুরু থেকে শেষ পর্যন্ত এই পরিবারকে তিনি ‘নামদার’ বলে উল্লেখ করেছেন।