ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের বিভিন্ন উদ্যোগে এখন ঘরে বসে আয় করার বিষয়টি জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইনে কাজ করে বিদেশি মুদ্রা আয় করতে আউটসোর্সিংয়ে যুক্ত হয়েছে গোপালগঞ্জের শত শত তরুণ ও তরুণী।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ লার্নিং এন্ড আর্নিং ডেভেলাপমেন্ট প্রকল্পের অধীনে গোপালগঞ্জ জেলায় ৪ টি ব্যাচে তরুণ তরুণীদের আউটসোর্সিং প্রশিক্ষণ চলছে। আউটসোর্সিংয়ে দক্ষ করে তুলতেই তাদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণ নিয়েই তারা ঘরে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করছেন প্রচুর অর্থ। নিজেরা স্বাবলম্বী হচ্ছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বলেন, প্রশিক্ষণার্থীদের উপস্থিতিই বলে দিচ্ছে আউটসোর্সিংয়ে তরুণ তরুণীদের ব্যাপক আগ্রহ রয়েছে। পাশাপাশি প্রশিক্ষণের গুনগতমান বজায় রাখতে প্রশিক্ষকরা সক্রিয় ভূমিকা পালন করছেন।
গ্রাফিক্স ডিজাইন ব্যাচের প্রশিক্ষণার্থী মুন্নাবার হুসাইন বলেন, নিজেকে একজন যোগ্য ফ্রি্ল্যান্সার হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল বহুদিনের। অবশেষে ডিজিকন টেকনোলজিস লি. পরিচালিত প্রশিক্ষণ গ্রহণ করে অনলাইনে আয় শুরু করেছি।নিজের স্বপ্ন বাস্তবায়ন করছি। এর মাধ্যমে অনেক আয় করা সম্ভব। আমার মতো অনেক তরুণ তরুণী আউটসোর্সিং এ ঝুঁকে, প্রচুর টাকা আয় করছেন।
প্রশিক্ষক মাহফুজুর রহমান বলেন, লার্নিং ও আর্নিং ডেভেলপমেন্ট সরকারের যুগোপযোগী উদ্যোগ। গোপালগঞ্জের তরুণ তরুণীদের মধ্যে এটি ব্যাপক সাড়া জাগিয়েছে। এর মাধ্যমে তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। পাশাপাশি প্রচুর আয় করে স্বাবলম্বী হচ্ছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
