দুবাইয়ে রাস্তায় নামছে ‘রবোকপ’

আপডেট : ০২ জুন ২০১৭, ২৩:৪৩
ফেরারি আসামি শনাক্ত করতে ও প্রমাণ সংগ্রহ করতে রোবট পুলিশ ব্যবহার করতে যাচ্ছে দুবাইয়ের পুলিশ। যদি পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হয় তাহলে ২০৩০ সালের মধ্যে দুবাই পুলিশের ২৫ শতাংশ হবে ‘রবোকপ’।
 
২০২০ সালে অনুষ্ঠিতব্য দুবাই এক্সপোকে সামনে রেখে আরব আমিরাত সরকারের রবোকপ নামানোর পরিকল্পনা করেছে। দুবাই পুলিশের ইউনিফর্ম পরিহিত রোবটটি দেখতে মানুষের সমান যেটি মিলিটারি স্যালুট দেয়ার পাশাপাশি করমর্দনও করতে পারে। দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসেস বিভাগের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার খালিদ নাসির আল রাজুকি বলেন, এই রোবটগুলি ২৪ ঘণ্টা কাজ করতে সক্ষম। এটি ছুটি চাইবে না, অসুস্থতা বা মাতৃত্বকালীন ছুটি চাইবে না।
 
মধ্যপ্রাচ্যের প্রথম রোবট পুলিশকে চাকা ও ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারসহ ক্যামেরা দেয়া হয়েছে। এটি ছবি তুলে পুলিশ ডাটাবেসে থাকা তথ্যানুযায়ী অপরাধী শনাক্ত করতে পারবে। এছাড়া এটি যানবাহনের লাইসেন্স পড়তে পারবে এবং ঝুঁকিপূর্ণ জায়গায় কোনো প্রাণ হারানোর ঝুঁকি ছাড়াই এর ভিডিও ফিড ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধান করা যাবে। রয়টার্স।