বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়

আপডেট : ০১ জুন ২০১৭, ১৪:০৪
হাজারো বিতর্ক চললেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে এতোদিন কোনো সিদ্ধান্তে আসেনি ভারতের সরকার। তবে অবশেষে পর্দার আড়ালের এই বিষয়টি নিয়ে মুখ খুললো দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
 
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তথ্য অধিকার আইনে একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ‘১৯৪৫ সালে তাইহোকুর বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে।’ তবে স্বাভাবিকভাবেই আচমকা এই ঘোষণায় শুরু হয়েছে বিতর্ক।
IMG0
কলকাতার বাসিন্দা সায়ক সেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ‘শাহনেওয়াজ কমিটি, বিচারপতি জি ডি খোসলা কমিশন ও বিচারপতি মনোজ মুখোপাধ্যায় কমিশনের রিপোর্টগুলি বিবেচনার পরে সরকার সিদ্ধান্তে পৌঁছেছে, ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল।’ 
IMG1
নেতাজির পরিবারের সদস্য ও দেশের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে গোপন নেতাজি-নথি প্রকাশ করেছে মোদী সরকার। তবে এ নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘দেশের মানুষের সামনে যেসব তথ্য রাখা ছিল এবং বছর বছর ধরে সরকার যে অবস্থান নিয়েছে, তার ভিত্তিতেই এই জবাব দেওয়া হয়েছে।’
IMG2
সরকারের অবস্থান নিয়ে ক্ষোভ জানিয়েছেন নেতাজির পরিবারের সদস্যদের একাংশ। আর ফরওয়ার্ড ব্লকের জাতীয় সম্পাদক জি দেবরাজনের প্রশ্ন, অন্তর্ধান রহস্য সর্বশেষ খতিয়ে দেখেছেন যারা, সেই বিচারপতি মনোজ মুখোপাধ্যায় কমিশনই বলেছিল, ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। এ নিয়ে তাইওয়ান সরকারের পাঠানো চিঠিও কমিশনের হাতে আসে। যেখানে বলা হয়েছিল, ওই বিশেষ দিনটিতে তো নয়ই, তার আগে বা পরের সাত দিনের মধ্যেও তাইহোকু বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি। ফলে সরকার কীভাবে সিদ্ধান্তে পৌঁছল, প্রশ্ন তোলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার।
 
ইত্তেফাক/সেতু