শ্রমিকের পেশাগত নিরাপত্তা এবং মজুরি বাস্তবায়নের চ্যালেঞ্জ শীষর্ক সেমিনার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:০৪

সংবাদ কর্মীদের নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণায় যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তা দূর করে দ্রুত গেজেট প্রকাশ করা, সাংবাদিকদের হয়রানি প্রতিরোধে আইনী সুরক্ষা এবং ওয়েজ বোর্ড ঘোষণার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিক ছাঁটাইয়ের পুনরাবৃত্তি রোধের আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) ও বাংলাদেশ লেবার রাইটস সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে “শ্রমিকের পেশাগত ও সামাজিক নিরাপত্তা এবং মজুরি : বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক গণমাধ্যম কর্মীদের সেমিনারে তারা এ কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কর্মক্ষেত্র পরিস্থিতি বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিলস-এর উপ-পরিচালক (তথ্য) মো. ইউসুফ আল মামুন এবং মূল বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন বিএলআরজেএফএর সাধারণ সম্পাদক আতাউর রহমান।

বিলস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি  ছিলেন ডেইলি অবজারভার সম্পাদক ও ডিবিসি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভুঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের (একাংশের) মহাসচিব এম আব্দুল্লাহ, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি