মানিকগঞ্জে অবৈধ ড্রেজার পুড়িয়ে দিলো প্রশাসন

আপডেট : ০১ জুন ২০১৭, ১৮:৩৫
 
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের জৈন্তা এলাকায় ধলেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে ড্রেজার পুড়িয়ে দিয়েছে প্রশাসন।
 
বৃহস্পতিবার ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার নির্দেশে অবৈধ ড্রেজারটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের জৈন্তা এলাকায় যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু মাটি উত্তোলনের করে আসছিল। উপজেলার সমেতপুর গ্রামের  ড্রেজার মালিক মো, রাসেল মিয়াকে ড্রেজারটি বন্ধের জন্য বার বার বলা হলেও বন্ধ না করায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ  আদালতের মাধ্যমে অবৈধ ড্রেজারটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/জামান