ভারতীয় চর সন্দেহে আটক কুলভূষণ যাদবের মামলায় এবার পাকিস্তানের হয়ে মাঠে নামছেন সে দেশের অ্যাটর্নি জেনারেল আশতার আওসফ আলি। আগামী ৮ জুন আন্তর্জাতিক আদালতের (আইসিজে) প্রেসিডেন্টের উপস্থিতিতে কুলভূষণ মামলার পরবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসবেন ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা।
এই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের প্রধান হিসাবে হেগ-এ আদালতে যাচ্ছেন আলি। পাকিস্তানের এক সংবাদপত্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার পার্লামেন্টারি কমিটির জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকে কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের কৌশল কী হবে, তা নিয়ে আলোচনা হয়। এরপরেই অ্যাটর্নি জেনারেলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আন্তর্জাতিক আদালতের বৈঠকে দু’দেশের প্রতিনিধিদের মধ্যে কুলভূষণ মামলার আগামী শুনানি এবং কাজগপত্র জমা দেওয়ার দিন নিয়ে আলোচনা করা হবে। চর সন্দেহে ধৃত কুলভূষণকে মৃত্যুদণ্ডাদেশ দেয় পাকিস্তানের একটি সামরিক আদালত। এই রায়ের বিরুদ্ধে গত ১৮ মে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত।
পরে আদালতের নির্দেশে কুলভূষণের ফাঁসি আটকে যায়। এরপরেই বিষয়টি নিয়ে আলোচনায় বসে পাকিস্তানের পার্লামেন্টারি কমিটি। পাকিস্তানের প্রতিনিধিদের কাছে এই মামলা সংক্রান্ত কৌশলও ব্যাখ্যা করেন অ্যাটর্নি জেনারেল আশতার আওসফ আলি।-বর্তমান পত্রিকা।
