বরিশালের গৌরনদী উপজেলার বেজহার এলাকায় ইজিবাইক উল্টে চালক নিহত এবং একই পরিবারের তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ইজিবাইক চালক আব্দুল হালিম সরদার (৪৫) একই উপজেলার গেরাকূল গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে। আহতরা হলেন, গৌরনদীর শাজাহান আকন, তার স্ত্রী শাহানাজ বেগম এবং ছেলে সামির আকন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক এইচ এম আব্দুর রব জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাহিলাড়া বাসস্ট্যান্ড থেকে তিন যাত্রী নিয়ে একটি ইজিবাইক গৌরনদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেজহার এলাকার বড়বাড়ি অতিক্রমকালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে ইজিবাইকটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ইজিবাইকে চাপা পড়ে চালক আব্দুল হালিম সরদার এবং ছিটকে পড়ে একই পরিবারের তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক আব্দুল হালিম সরদারকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
