রামগড় করেরহাট সড়কে ঢলের পানি, যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০২ জুন ২০১৭, ০০:১১

সারাদিনব্যাপী অবিরাম ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রামগড় করেরহাট সড়কের একাধিক স্থান ঢুবে গেছে। ফলে বৃহষ্পতিবার দুপুর থেকে সড়কটিতে সকল প্রকার যারবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকার নৈশকোচগুলো আটকা পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহষপতিবার সকাল থেকে অবিরাম ভারি বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে রামগড় করেরহাট সড়কের বালুটিলা বাজার এলাকা হতে কয়লাবাজার ব্রিজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা ডুবে গেছে। এছাড়া  সড়কের কালাপানি এলাকায়ও রাস্তার ওপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে।

ফলে বৃহষপতিবার দুপুর থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ঢাকা, কুমিল্লা, ফেনী থেকে খাগড়াছড়িগামী এবং খাগড়াছড়ি ও রামগড় থেকে ফেনী ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাসসহ সকল প্রকার যানবাহন  আটকা পড়ে।

এদিকে, বৃহষ্পতিবার রাতে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী নৈশ কোচগুলো হেঁয়াকো বাজার এসে আটকা পড়ে আছে। শান্তি পরিবহনের রামগড় অফিসের লাইনম্যান অর্জুন দেবনাথ  জানান, পানি সরে যাবে এমন ধারণা করে খাগড়াছড়ি থেকে নৈশ কোচ ছেড়ে আসে। বৃহষ্পতিবার রাত ১১ টায় তিনি জানান, শান্তি পরিবহন, এস আলম, শ্যামলীসহ ঢাকাগামী সবগুলো নৈশ কোচ হেঁয়াকো বাজার এলাকায় আটকা পড়ে আছে। রাস্তা থেকে পানি নেমে গেলে কোচগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সর্বশেষ, বৃহষপতিবার রাত পৌনে ১২টায়ও সড়কের ঐ অংশ পানিতে ডুবে ছিল।

ইত্তেফাক/নূহু