যথাযোগ্য মর্যাদায় গতকাল পালিত হলো সাংবাদিকতা জগতের পথিকৃত্ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, তাঁর মাজারে কোরানখানি, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া আজ শুক্রবার বিকাল চারটায় ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার কর্মজীবনের উপর আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় পার্টি- জেপি। গতকাল আলোচনায় বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া বাঙালি জাতীয়তাবাদ, উদার গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের অন্যতম প্রবক্তা। তিনি সংবাদপত্রের মাধ্যমে যেমন জনমানুষকে উদ্বুদ্ধ করেছেন, রাজনীতি সচেতন করেছেন তেমনি সাংবাদিক হিসাবে রাজনীতিরও গতিপথ নির্দেশ করেছেন। তার লেখনী স্বাধিকার আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে, সকাল থেকেই মরহুমের মাজারে কোরানখানির আয়োজন করা হয়। এসময় মরহুমের পরিবার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেইসঙ্গে মরহুমের সন্তানদের পক্ষ থেকে আলাদা আলাদা কোরানখানি, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
মাজারে কোরানখানি ও দোয়া মাহফিল:আজিমপুরে মানিক মিয়ার মাজারে সকাল থেকে কোরানখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত মিলাদ ও মোনাজাতে অংশ নেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওনসহ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ, জাতীয় পার্টি- জেপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মোনাজাত শেষে দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ: সকাল থেকেই মরহুমের আজিমপুর কবরস্থানের মাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পার্টি- জেপির নেতৃবৃন্দ সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। বৃহস্পতিবার সকালে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজিমপুর কবরস্থানে জাতীয় পার্টি-জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক, খলিলুর রহমান খলিল, এম এ কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম.সালাহউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তপন, কে এম মজিবুর রহমান মজনু, অ্যাড. এনামুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, ক্রীড়া সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, যুগ্ম-দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ।
দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সম্পাদক মোঃ আলমগীর হোসেন খান, কমিটির সদস্য মোঃ আল-মামুন, মো. তাজাম্মেল হক, মোঃ আবু জাফর, দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সহকারী সম্পাদক মোঃ মোশাররফ হোসেন শিকদার, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, সদস্য নাসিরউদ্দিন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।
জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনা সভা:তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
গতকাল বিকালে আসাদ গেটে জিইউপি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ২ দলীয় জোটের নেতা ও জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান। বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এম এ মান্নান, ইকবাল হোসেন প্রমুখ।
মরহুমের সন্তানদের বাসভবনে অনুষ্ঠান: মানিক মিয়া স্মরণে গতকাল বৃহস্পতিবার তার কনিষ্ঠ পুত্র পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেনের পক্ষ থেকে এতিমখানায় তবারক বিতরণের আয়োজন করা হয়। মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার (বেবী) এর বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, রাজধানীর ১ আর কে মিশন রোডে বিকাল চারটায় মানিক মিয়া ফাউন্ডেশন মিলাদ মাহফিলের আয়োজন করে।
মানিক মিয়া স্মরণে জাতীয় পার্টি-জেপি’র আলোচনা সভা আজ: দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবার জাতীয় পার্টি (জেপি) দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শুক্রবার বিকাল ৪টায় ঢাকার ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার কর্মজীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানসহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।
ইত্তেফাক/নূহু
