সম্প্রতি ঢাকায় অর্ধবর্ষ উদযাপন করছে বিশ্বব্যাপী স্মার্টফোন অ্যাপসভিত্তিক ট্যাক্সি পরিষেবা উবার। ২০১৬ সালের ২২ নভেম্বর ঢাকায় উবারের যাত্রা শুরু করে। একই বছরের ৫ ডিসেম্বর থেকে ২৪ ঘণ্টার সেবায় রূপান্তরিত হয় উবার। শুরুর পর থেকেই বাড়ছে ঈর্ষণীয় গতিতে। গ্রাহক ও চালক- দু’দিক থেকেই এ বৃদ্ধির হার দ্বিগুণ। বিগত ৬ মাসে এই হার এশিয়ার যেকোনো শহরের চেয়ে বেশি।
বিশ্বের অন্যতম অস্বাভাবিক যানজটের শহর ঢাকা। প্রাইভেটকারের সংখ্যা বেশি হলেও তাতে চড়া মানুষের সংখ্যা কম। একটি গাড়ি ১-২জনের বেশি ব্যবহার করছে না। পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে তাতেও সমস্যা। এ অবস্থায় উবার প্রাইভেটকারের মাধ্যমে বেশি মানুষকে ঝামেলাহীন যাত্রীসেবা দিচ্ছে। সংখ্যা বেশি হওয়ায় ঢাকার যেকোনো প্রান্ত থেকেই অ্যাপস দেখে ব্যবহার করা যাচ্ছে উবার। একইসঙ্গে চালকদের আয় বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। অনেকে ব্যক্তিগত গাড়ি অবসর সময়ে উবারে ব্যবহার করেও করছেন বাড়তি আয়।
সম্প্রতি আর একটি খবর উবার প্রেমীদের উত্সাহিত করেছে। অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার আবারও ইতালির রাস্তায় চলবে এমন খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। ২৬ মে শুক্রবার উবারের ওপর থাকা নিষেধাজ্ঞা নাকচ করে দিয়েছে ইতালির একটি আদালত। দেশটির প্রচলিত ট্যাক্সি ক্যাবগুলোর সঙ্গে উবারের বিবাদের কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলেও জানায় সংবাদ মাধ্যমটি।
নিষেধাজ্ঞার বিপরীতে সম্প্রতির এই রায়ের পর উবার ইতালির এক টুইটে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আপনারা ইতালিতে আমাদের অ্যাপ ব্যবহার করতে পারবেন।’ সংবাদ মাধ্যমটি তাদে প্রতিবেদনে জানায় ইতালির এক নিম্ন আদালত এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে। কঠোর নীতিমালার মধ্যে পরিচালনা করে আসা ইতালীয় ট্যাক্সি চালকদের দাবি, কম পর্যবেক্ষণে থাকা উবারের মতো অ্যাপগুলোর কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অ্যাপ ব্যবহারকারীদেরকে কাছে থাকা চালকদের সঙ্গে স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করতে দেয়। চলতি বছরের প্রায় মধ্য সময়ে দেওয়া এই নিষেধাজ্ঞার মাধ্যমে কয়েকটি উবার ফোন অ্যাপও প্রভাবিত হয় এবং প্রতিষ্ঠানটিকে ইতালিতে প্রচার প্রচারণা বন্ধ করতে হয়।
ইত্তেফাক/এমআর
