মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ০২ জুন ২০১৭, ১০:৩৬
টাঙ্গাইলের মির্জাপুরে মিষ্টির দোকান ও খাবার হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে ওজনে কারচুপি এবং দোকানে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবার হোটেলে নোংরা পরিবেশ থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাখ টাকা জরিমানা আদায় করেছেন।
 
বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বংশাই রোডে এ অভিযান পরিচালিত হয়।এর আগে বুধবার উপজেলা সদরের পুরাতন বাস স্টেশন এলাকায় খাবার হোটেলে এবং পাকুল্যা বাস স্ট্যান্ড এলাকায় মিষ্টির দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমীন ।
 
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসরাত সাদমীন জানান, বৃহস্পতিবার উপজেলা সদরের বংশাই রোডের মা মিষ্টান্ন ভাণ্ডারসহ চারটি দোকানে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করার অভিযোগে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে পুরাতন বাস স্টেশন এলাকায় হোটেল পরিতোষসহ কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ থাকায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের সতর্ক করে দেওয়া হয়।
 
বুধবার মির্জাপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পাকুল্যা বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালায়।অভিযানের সময় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং ওজনে কারচুপির ঘটনার সত্যতা পেয়ে টাঙ্গাইল মিষ্টির সমাহার, টাঙ্গাইল মিষ্টি মুখ,শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মিষ্টি ভাণ্ডার, টাঙ্গাইল জয়দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারসহ ছয় দোকানদারকে ভোক্তা অধিকার আইনে প্রায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
 
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক  জানিয়েছেন, রমজানের প্রথম দিন থেকে অভিযান শুরু হয়েছে।পর্যায়ক্রমে প্রতিটি হাট-বাজারের মিষ্টির দোকান ও খাবার হোটেলে অভিযান চালানো হবে।
 
ইত্তেফাক/এমআর