মনপুরায় টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট : ০২ জুন ২০১৭, ১২:২৭
মনপুরায় প্রচণ্ড ঝড় ও হঠাৎ টর্নেডোর আঘাতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অর্ধশতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে হাজির হাট ইউনিয়নের চরযতিন ও সোনারচর গ্রামের সবচেয়ে বেশী ঘরবাড়ী বিধ্বস্ত ও গাছপালার ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।
 
কলাতলী চরের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছালাহউদ্দিন জানান, হঠাৎ ঝড় ও টর্নেডোর আঘাতে চরের অধিকাংশ ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
 
চরযতিন গ্রামের আঃ গফুর মিয়া,সোনার চরের রিপন চন্দ্র দাস বলেন,আমরা ঘুমে ছিলাম। বজ্রপাতের শব্দে গুম ভেঙ্গে যায়। হঠাৎ দেখি প্রচণ্ড ঝড় বাতাস ছাড়ছে। প্রচণ্ড বাতাসে আমাদের ঘরের সম্পূর্ণ চাল উড়িয়ে নিয়ে গেছে। বৃষ্টিতে আমাদের ঘরের চাউল থেকে শুরু করে সকল মালামাল ভিজে গেছে। আমরা সারারাত ঘরের কোনে বসে কাটিয়েছি। সকালে দেখতে পায় টিনের চালাগুলো পুকুর পাড়ে পড়ে আছে। আমাদের সহায় সম্বল যা ছিল সব শেষ হয়ে গেছে। আমরা এখন কি দিয়ে নতুন করে ঘর করব। পোলাইন-ছাইন(ছেলে মেয়েদের) কোথায় রাখব। আমাদের একটা ব্যবস্থা করে দিন।
 
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার বলেন,টর্নেডোর আঘাতে ঘরবাড়ী বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। আমি বিষয়টি দেখছি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ