ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) কামরুল আহসান এবং সুইজারল্যান্ডের পক্ষে সফররত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) রাফায়েল নাগেলি নেতৃত্ব দেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করে। আঞ্চলিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ ইত্যাদি নিয়েও দুই দেশ আলোচনা করে।
সফররত সুইস প্রতিনিধি দলটি বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তঃসংস্থা কমিটির সাথে বৈঠক করেছে। সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগকে উত্সাহিত করার লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে এই কমিটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। ২০১০ সালের পর দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে।
একইদিন রাফায়েল নাগেলি ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহকারী মহাপরিচালক থমাস গাসসহ সুইস প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাত্ করে। প্রসঙ্গত, সফরকালে সুইস প্রতিনিধি দল সোমবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে।
