রূপগঞ্জে অস্ত্র উদ্ধার: ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট : ০২ জুন ২০১৭, ২১:২৮
 
রূপগঞ্জে বিপুল পরিমাণের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
 
শুক্রবার রূপগঞ্জের পূর্বাচলে অস্ত্র উদ্ধার অভিযান শেষে এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোস্তাফিজুর রহমান পিপিএম, রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন, ডিবি ওসি মাহমুদুল ইসলাম প্রমুখ।
 
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান পিপিএম। রূপগঞ্জের পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরে একটি খালে বৃহস্পতিবার রাত থেকে এই অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। তিনি বলেন, 'দেশে বড় ধরনের নাশকতা ঘটাতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদের মজুদ করা হয়েছিল। তবে এর সাথে কোন জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে, ৬২টি চাইনিজ এলএমজি রাইফেল, ২টি রকেট লঞ্চার, ৪০টি ম্যাগজিন, ৪২টি হ্যান্ড গ্রেনেড, ২টি ওয়াকিটকি, ৪টি পিস্তল ও বিপুল পরিমাণের গুলি। এর আগে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে অস্ত্র ও মাদক ব্যবসায়ী শরীফ নামের একজনকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযানে যায় পুলিশ।'
 
ইত্তেফাক/জামান