কলকাতা থেকে পর্যটকবাহী ‘বেঙ্গল গঙ্গা’ বরিশালে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫০

৭০ বছর পর কলকাতা থেকে পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা বরিশালে এসে পৌঁছেছে। ২৯ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে কলকাতার খিদিরপুর থেকে ১৯ জন পর্যটক নিয়ে রওনা হয় জাহাজটি। এখানে গতকাল বুধবার জাহাজটি অবস্থান করবে বলে জানা গেছে এবং পর্যটকরা বরিশাল ঘুরে দেখবেন বলে জানিয়েছেন পর্যটকদের দেখভালের দায়িত্বে থাকা গালফ্ অরিয়েন্ট সীওয়েস লিমিটেডের লজিস্টিক ম্যানেজার মো: নুরুজ্জামান। তিনি জানান, এদের মধ্যে লন্ডন, আমেরিকা ও ইতালির ৬ জন পর্যটকও রয়েছেন। পথে জাহাজটি কাউখালীতে নোঙর করে এবং সর্বশেষ বরিশালে নোঙর করা হয়। জাহাজটি বরিশাল পৌঁছলে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান নতুন গুহ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার ঢাকায় যাত্রা করবে জাহাজটি। চাঁদপুর ও নারায়লগঞ্জও ঘুরে দেখবেন পর্যটকরা। এরপর ৮ এপ্রিল পুনরায় কলকাতার উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবে জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা। এছাড়া কলকাতায় এখন বাংলাদেশি জাহাজ মধুমতি রয়েছে। জাহাজ বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কে এসে পৌঁছায়। পর্যটকরা জানান, আমরা খুব এনজয় করছি।

বরিশাল বিআইডব্লিটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, বাংলাদেশের সাথে সড়ক ও রেলপথে ভারতের যোগাযোগ থাকলেও নৌপথে যোগাযোগটা নতুন বন্ধন সৃষ্টি করেছে। সরকারের উচ্চ পর্যায়ের চিন্তাভাবনা রয়েছে পর্যায়ক্রমে যাত্রীবাহী নৌযান চলাচলের জন্য।

কলকাতা থেকে সুন্দরবনের পাস দিয়ে এমজি ক্যানেল ধরে মংলা ঘষিয়াখালী চ্যানেল পার হয়ে মংলা ও পিরোজপুর থেকে বরিশাল এবং চাঁদপুর-ঢাকা এই রুটে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ গঙ্গা। ক্রু, পর্যটক ও কর্মকর্তাসহ ৪০ জন আরোহী নিয়ে এসেছে গঙ্গা। পর্যটকদের ইমেগ্রেশন চেকিং সম্পন্ন হয় মংলা সিপোর্টে।