নওগাঁর দুই উপজেলায় বজ্রপাতে এক কিশোরীসহ তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাপাহার ও পত্নীতলা উপজেলায় এই ঘটনাটি ঘটেছে।
সাপাহার থানার ওসি শাসছুল আলম জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে আকাশে মেঘ দেখা দেয়। বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা বাজার থেকে হতাহতরা একটি আমবাগানের মধ্যে দিয়ে উপজেলার কুচিন্দা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাতে সহিদুল ইসলাম (৪৮) ও রসি চৌধুরী (৩০) আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সহিদুল ইসলাম ও রসি চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, কুচিন্দা গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে সহিদুল ইসলাম এবং মাহফুজুল হক চৌধুরীর ছেলে রসি চৌধুরী।
একই সময় উপজেলার উচাডাঙ্গা গ্রামে রান্না করার সময় বজ্রপাতে আব্দুর রহিম ও তার স্ত্রী ছবি আক্তার আহত হন। তাদেরও উদ্ধার করে হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দিকে, পত্নীতলায় শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে উপজেলার কামাড়পাড়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মাটিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, মরিয়ম বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে
