রংপুরে মানববন্ধন করতে দেয়নি পুলিশ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫১

মহানবী হজরত মোহাম্মদ (স)-এর পিতা সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করার প্রতিবাদে পূর্্ব ঘোষিত মানববন্ধন করতে দেয়নি পুলিশ। গতকাল বুধবার সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। উল্লেখ্য, গত মঙ্গলবার অভিযুক্ত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সিনিয়র ইন্সট্রাকক্টর প্রভাত চন্দ্র বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। 

অধ্যক্ষ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার শিক্ষক প্রভাত কুমার আমাকে বলেন— সোমবার শিক্ষার্থীদের কাছে হজরত মোহাম্মদ (স) সম্পর্কে কিছু ব্যাখ্যা দিয়েছিলাম। সম্ভবত আমার ব্যাখ্যায় ভুল ছিল। এর কিছুক্ষণ পর শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে উত্তেজনা দেখা দিলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করি।

তাজহাট পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মো. রাশেদুল ইসলাম ও স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, আমরা অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি দিয়েছি; কিন্তু পুলিশের বাধায় করতে পারিনি। তাজহাট থানার ওসি রোকনুজ্জামান জানান, মামলা করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

০