তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবার শ্রমিকের দুঃখ, কষ্টের ভাগী হলেন। নিজ নির্বাচনী এলাকার মানুষের মণিকোঠায় স্থান পেতে রোদ, বৃষ্টি উপেক্ষা করে ছুটে বেড়াচ্ছেন পথে প্রান্তরে। করে যাচ্ছেন একের পর এক ব্যতিক্রমী কাজ।
একদিকে উন্নয়ন কাজ আর অন্যদিকে মানুষের প্রতি তার পরম ভালবাসা এবং মমত্ববোধ যেন একে অপরকে সেতু বন্ধনে আবদ্ধ করছে। মন্ত্রী আর শ্রমিক যেন একই সুতোয় আবদ্ধ। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন পলক।
শনিবার দুপুরে নিজেই শ্রমিক বেশে নিজ মাথায় করে কড়াই নিয়ে উপজেলার তাজপুর ইউনিয়নের নিলামপুর গ্রামের জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন।
IMG0
এসময় প্রতিমন্ত্রী পলক ওই মসজিদে ব্যক্তিগত তহবিল হতে এক লাখ টাকার অনুদান দিয়ে নির্মাণ কাজ পরিদর্শন ও শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান সৈকত, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ইউপি মেম্বার আবু হানিফ, ঠিকাদার আব্দুল জব্বার প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী ২০২১ সাল নাগাদ সিংড়া উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ৯ নং তাজপুর ইউনিয়নের ভাদুরীপাড়া, চর-তাজপুর, খরসতি গ্রামে প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৩৪ টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, '২০২১ সাল নাগাদ দেশের প্রতিটি ঘর আলোকিত হবে। সে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কঠোর ভাবে কাজ করে যাচ্ছে।'
ইত্তেফাক/জামান
