কুমিল্লায় প্রতারণার মামলায় নাজমুল আলম নামে এক ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল আলম ওরফে সুফি জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর গ্রামের লিলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, কুমিল্লা নগরীর কোতয়ালী থানা রোড এলাকায় রূপকথা স্টাডি এ- ইমিগ্রেশন সার্ভিস ট্রাভেল এজেন্সির নাম ব্যবহার করে প্রতারক নাজমুল আলম বিদেশে লেখাপড়া ও কর্মস্থানের জন্য লোক পাঠানোর কথা বলে দীর্ঘদিন যাবত শত শত বিদেশগামীর সাথে প্রতারণা করে আসছিল।
ইতিপূর্বে শহরের গোয়ালপট্টি এলাকার রবিউল আউয়ালের সাথে প্রতারণা করার দায়ে গত মাসে নাজমুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, নাজমুল তার নিকট থেকে রোমানিয়া পাঠানোর কথা বলে ভুয়া কাগজপত্র দেখিয়ে দুই লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
এরপর তিনি রবিউল আউয়ালকে রোমানিয়া পাটাতে ব্যর্থ হন। পরে টাকা ফেরত চাইলে নানা অজুহাত দেখাতে থাকে। একপর্যায়ে পাওনাদারের টাকা পরিশোধ না উল্টো তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গ্রেফতারকৃত নাজমুল আলম দীর্ঘদিন যাবত মানুষকে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে প্রতারণা, আইসিটি ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
