মাগুরায় নবগঙ্গা ও ফটকী নদীতে কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে মাছ ধরতে আসুবিধার কারণে জেলেরাও পড়েছেন বিপাকে।
জেলার উপর দিয়ে নবগঙ্গা ও ফটকী নদী প্রবাহিত। নদীগুলো শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে চর। তার উপর কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। কচুরিপানায় ভরে যাওয়ায় জেলেরাও মাছ ধরতে পারছেন না। এতে প্রায় ৫ হাজার মত্স্যজীবী বেকার হয়ে পড়েছেন। সমস্যা হচ্ছে নদীতে গোসল করতে যাওয়া সাধারণ মানুষের।
মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত এককালের প্রমত্তা নবগঙ্গা নদীতে বিশাল চর জেগেছে। আগে যে নদীতে বড় বড় স্টিমার চলতো সেই নদীতে জেগে উঠেছে চর। বর্তমানে ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ রয়েছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পুনঃখনন করলে নদীগুলো আবার আগের অবস্থায় ফিরতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি।
ইত্তেফাক/নূহু
