মির্জাপুরে ১৫ দিনেও খোঁজ মিলেনি সেলিমের

আপডেট : ০৪ জুন ২০১৭, ০৩:২৪

নিখোঁজ হওয়ার ১৫ দিন পরও সন্ধান মেলেনি সেলিম হোসেন (২০) নামে এক যুবকের। সন্তানকে ফিরে পাওয়ার আশায় অসহায় পিতা-মাতা হন্যে হয়ে বিভিন্ন স্থানে ঘুরছেন। ঘটনাটি থানা পুলিশকে জানালে তারাও কোনো হদিস করতে পারছেন না। উপজেলার পুষ্টকামুরী গ্রামে সেলিমের বাড়ি।

শনিবার সেলিমের বাবা আলাল উদ্দিন জানান, সেলিম খুব শান্ত প্রিয় ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে বড়। বেশির ভাগ সময় বাড়িতেই থাকত। গত ১৫ দিন পূর্বে বাড়ি থেকে সেলিম হঠাত্ করে নিখোঁজ হয়। কে বা কারা তাকে নিয়ে যায় বাড়ির লোকজন তা সঠিক করে কেউ বলতে পারছেন না। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন বন্ধু-বান্ধবদের বাসা-বাড়িতে খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও সেলিমের সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলেকে না পেয়ে বার বার মুর্ছা যাচ্ছে অসহায় মা। কেউ সেলিমের সন্ধান পেলে ০১৭৪৯-৮০৬৫৩৬ ও ০১৭২০-০৪৩৩১০ এই দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সেলিমের অসহায় পরিবারটি।

এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, সেলিম তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। পুলিশকে ঘটনাটি অবহিত করার পর তাকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইত্তেফাক/নূহু