কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে শনিবার শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেসরকারি সংস্থা পিপুল ডেভেলপমেন্ট প্রসেস পিডিপির উদ্যোগে উপজেলা গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে পাকুন্দিয়া ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আরমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন পিডিপির চেয়ারম্যান ও বিজয় টিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার ভুঁইয়া, পাকুন্দিয়া মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ, জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, ঢাকাস্থ পাকুন্দিয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, আনন্দ মোটরসের পরিচালক আমির উদ্দিন, ঈশাখা ব্ল্যাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক শিপন, অনার্স এন্ড মাস্টার্স স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন জনি, অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সহ-সভাপতি আবু হানিফ, উপদেষ্টা হোসাইন মোহাম্মদ ফরহাদ, শেখ রাছেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আজাদ তন্ময় প্রমুখ।
উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপস্থিত লোকজন কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
ইত্তেফাক/নূহু
