বিএনপির রাজনৈতিক বলয় ছোট হয়ে আসছে :নাসিম

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২৩:০৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ক্রমাগত ভুলের কারণে বিএনপির রাজনৈতিক বলয় ছোট হয়ে আসছে। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সূচনা বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি জোটের ভুলের কারণে রাজনীতি আজ বিরোধী দল শূন্য হয়ে পড়েছে। এ অবস্থার জন্য সরকার মোটেই দায়ী নয়। বিএনপি ক্রমাগত ভুল করছে। একবার ২০১৪ সালে নির্বাচন না করে ভুল করেছে, এবার নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হয়েও শপথ না নিয়ে ভুল করছে। ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে বিএনপির আমও যাবে ছালাও যাবে।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেত্রী জেলে আছেন এক বছরের উপরে। দুর্ভাগ্য নেত্রীকে জেলে রেখে তারা মিলাদ, ঘরে বসে অনশন, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলনের হুমকি ছাড়া আর কোনো কর্মসূচিতে মাঠে নেই। এটি একটি রাজনৈতিক দলের জন্য ব্যর্থতা ছাড়া কিছু নয়। ঐক্যফ্রন্ট করে বিএনপির নির্বাচনে আসার জন্য সাধুবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে তারা মাঠে থাকেননি। এজন্য আওয়ামী লীগকে দোষ দিয়ে লাভ হবে না। ৬ জন আর ৭ জন হন আপনারা যদি সংসদে এসে কথা বলেন, শক্তি থাকলে ঐ ৬ জন কথা বললে মনে হবে ৬শ জন কথা বলছেন। যেমন সুরঞ্জিত সেন গুপ্ত একাই বঙ্গবন্ধুর সামনে কথা বলেছেন। তাই সংসদে ৬ জন নিয়েই সংসদে যান। কথা বলুন।

কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ছাড়াও উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয়, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন উপস্থিত ছিলেন।