ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মো. ইসমাইল আহমেদ মুবিনকে মারধরের ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সহ-সভাপতিসহ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর এম আমজাদ আলী এ তথ্য জানান।
বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র সামচিতা ব্রিজ প্রান্ত, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব ও ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস।
বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিষয়ে প্রক্টর এম আমজাদ আলী বলেন, বিজয় একাত্তর হলে গত বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মৌখিকভাবে উপাচার্য এই অনুমোদন দিয়েছেন।
এর আগে একই ঘটনায় এই পাঁচজনসহ আটজনকে বিজয় একাত্তর হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এরা সবাই ওই হলের আবাসিক ছাত্র।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ কারণে হলের মনোহরী দোকানের সামনে ইসমাইলকে গায়ে ধাক্কা লাগার অভিযোগ এনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে বেদম মারধর করা হয়। পরে হলের সিসি টিভির ফুটেজ দেখে মারধরকারীদের চিহ্নিত করা হয়।
ইত্তেফাক/ইউবি
