লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে একটি পরিবারের জন্য সেতু নির্মাণ করা হচ্ছে। ১৫ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে নির্মিত সরকারি সেতুটির সুবিধাভোগী হবে মাত্র একটি পরিবারের চারজন সদস্য। এতে ক্ষুব্ধ হয়েছে জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাকা সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের ২০১৬-১৭ অর্থ বছর রায়পুর-পানপাড়া সড়কের কেরোয়া ইউনিয়নের জোড়পুল পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর সেতু নির্মাণের বরাদ্দ হয়। ২০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের সেতুটির নির্মাণ ব্যয় ১৫ লাখ ৯১ হাজার ৭৬৮ টাকা। মেসার্স মজিবুর রহমান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর কাজ পান। সেতুটি ৬০ শতাংশ কাজ হয়েছে।
কেরোয়া ইউনিয়নের দুজন জনপ্রতিনিধি জানান, সেতু দিয়ে মো. সোহাগের পরিবার যাতায়াত করবেন। ইউপির বিভিন্ন এলাকায় এমনও সাঁকো আছে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ সে সব স্থানে সেতু নির্মাণ না করে একটি পরিবারের জন্য সেতু নির্মিত হওয়ার তারা ক্ষুব্ধ।
মো. সোহাগ বলেন, 'আমাদের চলাচলের জন্য সরকারি ভাবে সেতুটি করা হচ্ছে। তার জন্য কোন টাকা ব্যয় হয়নি।' কেরোয়া ইউপির চেয়ারম্যান শাহজাহান কামাল বলেন, 'ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সেতু না করে একটি ঘরের জন্য এতবড় সেতু নির্মাণ খুবই দুঃখজনক। সেতুটি নির্মাণের ব্যাপারে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি।'
জানতে চাইলে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেলোয়ার হোসেন বলেন, 'ভবিষ্যতে এ দিকে একটি রাস্তা করা হবে। তখন অনেক লোকজন বসতি স্থাপন করবেন।'
ইত্তেফাক/জামান
