শের-ই-বাংলা মেডিকেল থেকে নবজাতক চুরি

আপডেট : ০৪ জুন ২০১৭, ২০:৩৩
 
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনদিন বয়সের এক নবজাতক শিশু চুরি হয়েছে। চুরি হওয়া শিশুটি মেহেন্দিগঞ্জ উপজেলার খোরকী গ্রামের বাসিন্দা রড মিস্ত্রি আনোয়ার হোসেন আকন ও সালমা বেগম দম্পতির দ্বিতীয় পুত্র সন্তান।
 
রবিবার  হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের (লেবার) বারান্দা থেকে এ শিশু চুরি ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্র জানায়। চুরি যাওয়া নব জাতকের পরিবারের ধারণা পাশের বেডের অপর রোগী এবং সেই রোগীর স্বজনরাই নবজাতককে চুরি করে পালিয়ে গেছে। নবজাতকের নানা আবদুল হক মাঝি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার মেয়ে সালমা বেগমকে ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করেন। ওইদিন রাতেই সিজারিয়ানের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম নেয়। রবিবার তিনি ব্যক্তিগত কাজে হাসপাতালের বাইরে যান।
 
কিছুক্ষণ পরে ফিরে এসে দেখতে পান বেডে শিশুর মা ঘুমিয়ে থাকলেও তার কোলে নবজাতক নেই। তাদের বেডের পাশে থাকা রিনা বেগম নামের অপর রোগীও উধাও হয়ে গেছে। হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম জানান, নবজাতক যে স্থান থেকে চুরি হয়েছে সেখানে সিসি ক্যামেরা না থাকলেও আশপাশে থাকা সিসি ক্যামেরা গুলোর ধারণকৃত ভিডিও নিরীক্ষা করে দেখা হচ্ছে।
 
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন পিপিএম জানান, নবজাতকের বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। সে অনুযায়ী এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে শিশুটির সন্ধানে পুলিশের দুটি টিম কাজ শুরু করেছে।
 
ইত্তেফাক/জামান