গৃহায়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলীকে থাপ্পড় মারার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম। এই ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে মিথ্যা অপপ্রচার চালিয়ে মেয়রের সম্মান ক্ষুণ্ন করার অভিযোগ এনে ওই প্রকৌশলীর প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। একই দাবিতে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরাও মানববন্ধন করেছেন।
গতকাল বুধবার দুপুরে নগরীর জাকির হোসেন সড়কে গৃহায়ন কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ের মূল ফটকের ভেতরে দাঁড়িয়ে মানববন্ধন করেন প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে তারা নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন। ওই কর্মসূচিতে ওই সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানও উপস্থিত ছিলেন।
এসময় আশরাফুজ্জামান বলেন, আমাদের নিরাপত্তা এখন হুমকির মুখে। কাল কয়েকজন এসে আমাদের অফিসে লাগানো সব ব্যানার ছিঁড়ে নিয়ে গেছে। যারা ব্যানার ছিঁড়ে নিয়ে যেতে পারে তারা আমাকেও মারধর করতে পারে। আমরা নিরাপত্তা চাই, কাজ করার স্বাধীনতা চাই।
কর্মসূচিতে গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রকৌশলী শাসমুল আলমকে লাঞ্ছিত করার মাধ্যমে মেয়র মহোদয় পক্ষান্তরে আমাদেরকেও লাঞ্ছিত করেছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু সমাধান চাই। কাজ করার নিরাপত্তা চাই। ভবিষ্যতে যেন এমন না হয় সেই গ্যারান্টি আমরা সরকার ও বাংলাদেশের জনগণের কাছে চাই।
অন্যদিকে গত মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন করেছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম জেলা, মহিলা কল্যাণ পরিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন চট্টগ্রাম, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে আশরাফুজ্জামানকে প্রত্যাহার করাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আশরাফুজ্জামান পলাশ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মেয়রের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করেছেন, এটি আমাদের জন্য কলংকের। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে তার প্রত্যাহার চাই।
এদিকে, গতকাল সকাল ৯টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদাররা। এতে বক্তারা বলেন, মেয়র চট্টগ্রামের ৬০ লাখ মানুষের অভিভাবক। একজন সহকারী প্রকৌশলী হয়ে আশরাফুজ্জামান পলাশ মেয়র মহোদয়ের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।
গতকাল বিকালে হালিশহর গোলচত্ত্বর এলাকায় হালিশহর নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন। মানববন্ধনে হালিশহর নাগরিক ফোরামের আহবায়ক মোহাম্মদ হারুনের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদ উল্লাহ, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম সোহেল, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল শফিউল আলমসহ অনেকে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরীর হালিশহরস্থ পোর্ট কানেক্টিং সড়ক সংলগ্ন একটি ড্রেন সংস্কার করা নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে গৃহায়ণ কর্তৃপক্ষের বিরোধ চলে আসছে। গত সোমবার গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের নিজ কার্যালয়ে ডাকেন মেয়র। অভিযোগ উঠেছে সেখানেই কথাবার্তার এক পর্যায়ে প্রকৌশলী আশরাফুজ্জামানকে থাপ্পর মেরে বসেন মেয়র। তবে বিষয়টি অস্বীকার করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেছেন, ওই দিন মিটিংয়ে এমন কোন ঘটনা ঘটেনি। মিটিংয়ের একপর্যায়ে আশরাফুজ্জামান ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে মেয়র তাকে বকাঝকা করেন বলে জানান।
খুলনা অফিস জানায়, নগরীর খালিশপুরস্থ কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছে।
