চাঁপাইনবাবগঞ্জে নব্য জেএমবি’র ২ সদস্য গ্রেফতার

আপডেট : ০৫ জুন ২০১৭, ১৪:০৭
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকা থেকে রবিবার দিবাগত রাতে নব্য জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর আব্বাস বাজার গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৫৫) ও গোমস্তাপুর উপজেলার রহমতপাড়ার আতাউর রহমানের ছেলে আল আমিন (২৪)। তাদেরকে আস সোমবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমাণ্ড আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মুঞ্জুর করেন।
 
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার মনকাষা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ওই এলাকা থেকে রুহুল আমিন ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তারা দুইজনই নব্য জেএমবি’র সদস্য।
 
তিনি আরো জানান, গ্রেফতার রুহুল আমিন শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্টে নিহত হন রফিকুল আলম আবুর শ্বশুর। রুহুল আমিন ওই ঘটনায় শিবগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
 
শিবনগর গ্রামে পুলিশ জঙ্গি আস্তানা ঘেরাওয়ের পর থেকে রুহুল আমিন পলাতক ছিলেন। এছাড়া আল আমিন ২০১২ সালে নাচোলে জেএমবি সদস্য সালমান হত্যার এজাহারভুক্ত পলাতক আসামি বলে পুলিশ সুপার জানান। 
 
পুলিশ সুপার সোমবার দুপুর ২টায় আরো জানান, গ্রেফতার আল আমিন গুলশান হামলার নেতৃত্বদানকারী তামীমের সহযোগী।
 
ইত্তেফাক/কেকে