বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা এবারে উপাচার্যের পদত্যাগের দাবিতে রক্ত দিয়ে দেয়ালে লিখে এবং ক্যাম্পাসের বিভিন্নস্থানে পোস্টারিং করেছেন। টানা আন্দোলনের নবম দিনের মাথায় তারা এই কর্মসূচি গ্রহণ করে। এর আগে তারা উপাচার্য এসএম ইমামুল হকের পদত্যাগ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। তবে বুধবার দুপুর দুইটায় এই আল্টিমেটামের সময় শেষ হলেও উপাচার্য পদত্যাগ না করায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। বুধবার দুপুর দুইটা থেকে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা এক এক করে রক্ত দিতে থাকেন এবং সেই রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে উপাচার্যের পদত্যাগের দাবিতে দেয়ালে নানা স্লোগান লেখা এবং ক্যাম্পাস জুড়ে পোস্টারিং করা হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আন্দোলনরতদের সাথে সমঝোতার চেষ্টা করে ফের ব্যর্থ হন। শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পরদিন থেকে উপাচার্য ঢাকায় অবস্থান করায় তিনবার জনসংযোগ দপ্তরের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির জন্য বিবৃতি প্রেরণ করে।
প্রসঙ্গত: ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের নানা জানানোর কারণে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলায় উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা ৯ দিন এই আন্দোলন চলমান রয়েছে। এর মধ্যে ভিসি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেও ক্যাম্পাস ছাড়েনি শিক্ষার্থীরা।
