ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ সমস্যা লাখো মানুষের

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০০:৪৬

মানিকগঞ্জে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজের উপর দিয়ে চলাচলে সমস্যায় পড়েছে লক্ষাধিক মানুষ। হরিরামপুর উপজেলার  ঝিটকা-পাটুরিয়া রাস্তার হরিরামপুরের  বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা গ্রামে ৩ বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে এলজিইডি’র আওতাধীন ওই ব্রিজের উপরের একটি অংশ।

স্থানীয়রা জানান, বছর খানেক আগে ব্রিজের উপরে ভেঙে যাওয়া অংশটি মেরামত করা হলেও সেটি ৫ মাস পরে আবারো আগের চেয়ে বড় আকারে ভেঙে গেছে। রাস্তাটি দিয়ে ঝিটকাবাজার থেকে বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা হয়ে শিবালয়ের পাটুরিয়া ঘাটে লক্ষাধিক মানুষ যাতায়াত করে। বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা, হ্যালোবাইক, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন এ রাস্তাটি দিয়ে চলাচল করে। এ রাস্তাটি দিয়ে ঝিটকা বাজারে বিভিন্ন ব্যবসায়িক গুরুত্বপূর্ণ পণ্য আনা-নেওয়া হয়। ব্রিজটির উপরের অংশ ভেঙে যাওয়াতে ঘটছে দুর্ঘটনা। ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে লোকজনকে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত মাল বোঝাই যানবাহন চলাচলের কারণেই মূলত ব্রিজটি ভেঙে গেছে। ভাঙা ব্রিজে প্রতিদিন মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করায় ব্রিজের ভাঙা অংশটি দ্রুত প্রসারিত হচ্ছে। এভাবে চলতে থাকলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে এলজিইডির হরিরামপুর উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আমরা খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।