বকেয়া পরিশোধের দাবিতে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ

আপডেট : ০৫ জুন ২০১৭, ১৯:৩০
বকেয়া পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে গাজীপুরের তুংহাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের তিন শতাধিক শ্রমিক। এ সময় তারা বিজিএমএই’র প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বেতনের দাবিতে স্লোগান দেন। আগামী সাত জুন (আগামীকাল) সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে বিকাল সাড়ে তিনটার দিকে তারা কর্মসূচী স্থগিত করেন।
 
অবস্থান কর্মসূচী চলাকালে কারখানার শ্রমিকের সঙ্গে আলাপকালে জানা যায়, গত মাসের ১৮ তারিখে প্রায় এক হাজার চারশ’ শ্রমিকের ওই কারখানা বিনা নোটিশে বন্ধ করে দেয়া হয়। ২৩ মে বেতনসহ অন্যান্য পাওনাদি পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু ওই দিন এসে শ্রমিকরা তালাবদ্ধ কারখানার সামনে মালিকপক্ষের কোনো প্রতিনিধিকে পায়নি। এরপর থেকে তারা কারখানার সামনে অবস্থান করতে থাকে। একই সঙ্গে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর (ডিআইএফই), বিজিএমইএ এবং শিল্পাঞ্চল পুলিশের কাছে আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। জানা গেছে, কারখানাটিতে শ্রমিকদের দুই মাসের বেতনের পাশাপাশি অন্যান্য পাওনাও বকেয়া রয়েছে।
 
শ্রমিকদের এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ইত্তেফাককে বলেন, কারখানার মালিকানা নিয়ে সমস্যা আছে। সেটির কোনো ফয়সালা হয়নি। কিন্তু ঈদ সামনে রেখে শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দুই মাসের বেতন বকেয়া হওয়ায় তারা অর্থকষ্টে রয়েছে। অবস্থান কর্মসূচী শেষে তাদের কারো কারো কাছে বাসায় যাওয়ার টাকাও নেই। তিনি বলেন, আগামী ৭ জুন এ সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে কর্মসূচী আপাতত স্থগিত করা হয়েছে।
 
পাওনা পরিশোধ না হলে অবস্থান কর্মসূচীসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ও জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, শ্রমিক নেতারা সারোয়ার হোসেন, ইসলাইল হোসেন, সৌমিত্র কুমার প্রমুখ।
 

ইত্তেফাক/এএম।