বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে একের পর এক উন্নয়নমূলক কার্যক্রমের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের আগেই উন্নতসমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। এ উপলক্ষে সিটি গ্রুপের সিটি অর্থনৈতিক অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মন্ত্রী কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরে উল্লেখিত কথাগুলো বলেন গোলাম দস্তগীর গাজী। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন। রূপগঞ্জের উন্নয়নে বিশেষ নজর রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, এসব অর্থনৈতিক অঞ্চলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, সিটি অর্থনৈতিক অঞ্চলটি হলে প্রাথমিকভাবে কর্মসংস্থান হবে ৩ হাজার লোকের। পরবর্তী ৫ বছরে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। তিন বছরের মধ্যেই সেখানে সিটি ইকোনমিক জোন তৈরি হবে। চলতি বছরে এ অঞ্চলে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাকে ধন্যবাদ জানান।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ অনেকে।
