সহায়ক সরকার দাবি নির্বাচন বর্জনের পাঁয়তারা:-সেতুমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০১৭, ০২:২৬

বিএনপি সহায়ক সরকার দাবি করে নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে বলে মন্তব্যে করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের কোন বিধান নেই। আমাদের সংবিধানে সহায়ক সরকার বলতে কিছু নেই। নির্বাচনকালে কমিশনই হচ্ছে মূল বিষয়। নির্বাচন কমিশনের অধীনেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার সরকার এতে রুটিনওয়ার্ক করবে।

গতকাল সোমবার রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অবস্থিত ভুলতা ফ্লাইওভার পরিদর্শনে এসে এ মন্তব্যে করেন। মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবকাঠামো আগের চেয়ে উন্নত হয়েছে। তিনি জানান, জনগণের কোনো ধরনের  ক্ষতি হয় এমন বাজেট জনবান্ধব সরকার গ্রহণ করবে না। আবগারী শুল্ক নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ নেই। এটা পূর্ণাঙ্গ বাজেটের মাধ্যমে পরিবর্তন করে সহনশীল পর্যায়ে আনা হবে। মন্ত্রী বলেন, রমজান মাসে দেশের কোথাও সড়ক মহাসড়কে যানজট হতে দেয়া হবে না। মন্ত্রী জানান, ফ্লাইওভারে ও মেগা প্রকল্প এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে। ফলে কোথাও এই বর্ষায় জলাবদ্ধতা হবে না। মন্ত্রী ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ৪২ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।

নূহু/ইত্তেফাক