ঢাকার দোহারে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর অভিযোগে শেখ মাহাবুব (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ইউসুফপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাহাবুব স্থানীয় আব্দুল আজিজের ছেলে। অভিযুক্ত মাহাবুব মাদকাসক্ত বলে দাবি করেন তার পরিবার ও পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে মাহবুবের শাস্তি দাবি করেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার সকালে মাহাবুব বাড়িতে মোমবাতি জ্বালিয়ে কোরআন শরীফ পোড়াতে থাকে। এসময়ে পরিবারের লোকজন তাকে বাধা দেয়। খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী মাহাবুবের বাড়ি ঘেরাও করেন। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহাবুবকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দোহার থানার উপ-পরিদর্শক মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশাগ্রস্ত অবস্থায় মাহাবুব কোরআন শরিফ পোড়াতে থাকে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিতে চায়। এ খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
